chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, বিপুল মাদকসহ গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলে ইয়াবা পাচারের সময় নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় মোটরসাইকেলের চেসিস বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও।

বুধবার উপজেলার সৈয়দ কুচাইয়া মোড়ে র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার রংগীখালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহমান।

র‌্যাব-৭ জানায়, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ কুচাইয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি মোটরসাইকেল থামিয়ে চালক নুরুল আলমকে আটক করা হয়।

মোটরসাইকেলটির সামনের শেডে ইংরেজিতে ‘PRESS Daily Bangladesh Observer’ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাবের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, উদ্ধার করা ইয়াবা ও জব্দ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর