দুই মামলায় জামিন পেলেন চকরিয়ার সাবেক মেয়র
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র আলমগীর চৌধুরী একদিনের ব্যবধানে পৃথক দুই মামলায় জামিন লাভ করেছেন।
বুধবার আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হলেও বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মামলাগুলোর জামিন শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, ওই দুই মামলায় আলমগীর চৌধুরীকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে মামলার বাদীগণ এর আগেই এফিডেভিটসহ বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। তবে পুলিশ তাঁকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এর আগে আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করা হলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থতা অনুভব করলে তাঁকে গত ৯ সেপ্টেম্বর বুধবার আদালতে সোপর্দ করা হয়। ওইদিন শুনানি ছাড়াই তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার মামলাগুলোর ওপর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন স্থায়ী করেন।
আলমগীর চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট রবিউল এহেছান বলেন, “মামলার বাদীগণ অনেক আগেই এফিডেভিটের মাধ্যমে বিজ্ঞ আদালতে আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছিলেন। এরপরও তাঁকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হলেও কোনো শুনানি ছাড়াই জেলে পাঠানো হয়। বৃহস্পতিবার জামিন শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।”
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়ায় পরবর্তী বিষয়গুলো মোকাবিলা করা হবে।
তাসু/চখ