খেলতে গিয়ে খালে, ফিরল লাশ হয়ে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এহসানুল করিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমতলীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এহসানুল করিম ওই এলাকার শামসুল আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে এহসানুল বাড়ির পাশে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের একটি খালে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করেন।
পরে দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে শিশুটিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার একপর্যায়ে এহসানুল খালে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সংবাদ লেখা পর্যন্ত তার দাফন কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
মআ/চখ