chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবান সরকারি কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমতিয়াজ উদ্দিন হৃদয় নামে এক শিক্ষার্থী মারা গেছেন।

দুর্ঘটনার ৯ দিন পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়ার লোকমান সওদাগরের ২য় সন্তান ও বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট লোহাগাড়া থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন ইমতিয়াজ। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘী এলাকায় একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তার মাথার খুলি ভেঙে যায় এবং তিনি মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারও করা হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই আমরা আশা করেছিলাম ইমতিয়াজ সুস্থ হয়ে ফিরবে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু এক দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেল।’

তাঁর অকাল মৃত্যুতে লোহাগাড়া ও কলাউজান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর