টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারচেষ্টা, উদ্ধার ৫
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য একত্রিত করা পাঁচজনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত দেড়টায় বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার নুরুল কবিরের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারীরা দিক-বিদিক দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, প্রাথমিক অনুসন্ধানে অজ্ঞাতনামা আসামিরা আর্থিক সুবিধা লাভের আশায় জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের উদ্দেশ্যে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য ওই স্থানে একত্রিত করেছিল বলে জানা গেছে।
তিনি জানান, উদ্ধারকৃত পাঁচ ভিকটিম ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তাসু/চখ