chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু : আসামির জামিন

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডিসি হিল এলাকায় গাড়িচাপায় অন্তঃসত্ত্বা একটি পথকুকুরের মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি বাবলা দাশকে জামিন দিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাবলা দাশ। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর রাত ১১টার পর ডিসি হিলের মূল ফটক দিয়ে একটি সাদা রঙের পিকআপ ভ্যান বের হচ্ছিল। এ সময় ফটকের সামনে একটি অন্তঃসত্ত্বা পথকুকুর বসে ছিল। গাড়িটি থামানো বা কুকুরটিকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে পিকআপ ভ্যানটি কুকুরটির ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কুকুরটির মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর পরিবেশকর্মী তোফায়েল আহমেদ আদালতে মামলা করার আবেদন করেন। বাদীর বক্তব্য গ্রহণ করে আদালত কোতোয়ালি থানা-পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে জড়িতদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার এবং আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন আইন এবং পশু হত্যার অভিযোগে দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি করা হয়েছে।
ফরিদা/চখ

এই বিভাগের আরও খবর