৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দিচ্ছে সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ছিল। বাড়িভাড়া নির্ধারিত অর্থের চেয়ে কমে সম্পন্ন হওয়া এবং নেগোশিয়েশনের মাধ্যমে বিভিন্ন সার্ভিস চার্জ কমানোর কারণে প্যাকেজভিত্তিক খরচে উদ্বৃত্ত অর্থ জমা হয়। হিসাব-নিকাশ শেষে সেই অর্থ হাজিদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতোমধ্যে ১০ জন হাজির হাতে আনুষ্ঠানিকভাবে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়েছে। বাকি হাজিদের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা EFT-এর মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী ফেরতের পরিমাণে পার্থক্য রয়েছে। হজ প্যাকেজ-১-এর আওতায় কিছু হাজি প্রায় ৪৭ হাজার থেকে ৫৯ হাজার টাকা পর্যন্ত ফেরত পাবেন। আবার আপগ্রেডেশন সুবিধা নেওয়া কিছু হাজির ক্ষেত্রে ফেরতের পরিমাণ এক লাখ টাকার বেশি।
হজ প্যাকেজ-২-এর হাজিদেরও আবাসন ও প্যাকেজভেদে বিভিন্ন অঙ্কের টাকা ফেরত দেওয়া হবে। আর সাধারণ হজ প্যাকেজ-৩-এর হাজিরা প্রত্যেকে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।
তবে ২৩ জন হাজি কোনো রিফান্ড পাবেন না। কারণ, তাদের চিকিৎসা ব্যয় স্বাস্থ্যবিমার আওতায় পাওয়া অর্থের চেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এদিকে রিফান্ডের অর্থ নিয়ে প্রতারণা থেকে হাজিদের সতর্ক করেছে মন্ত্রণালয়।
জানানো হয়েছে, টাকা ফেরত দেওয়ার জন্য কাউকে ফোন করে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য কিংবা বিকাশ, নগদ বা রকেটের পিন নম্বর চাওয়া হবে না। কেউ এ ধরনের তথ্য চাইলে তাকে প্রতারক হিসেবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের ভাষ্য, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি হাজিদের কাছ থেকে নেওয়া অর্থের সঠিক হিসাব দেওয়ার অংশ হিসেবেই উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়া হচ্ছে।
তাসু/চখ