সালমান শাহকে হারানোর তিন দশক
ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে ৩০ বছর। কিন্তু ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের কাছে সালমান শাহ যেন এখনো সেই চিরতরুণ নায়ক। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
আজ তার মৃত্যুর তিন দশক পূর্ণ হলো।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্ম নেওয়া সালমান শাহর পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ছোটবেলা থেকেই গান, অভিনয় ও মডেলিংয়ের প্রতি ছিল তার আগ্রহ। শিশুদের বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।
তবে চলচ্চিত্রে তার পথচলা ছিল অনেকটাই হঠাৎ। শুরুতে পরিবার থেকেও ছিল আপত্তি। পরে পরিবারের সম্মতি নিয়ে রূপালি পর্দায় পা রাখেন তিনি। আর এরপর মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই বদলে দেন ঢাকাই সিনেমার নায়ক হওয়ার সংজ্ঞা।
নব্বইয়ের দশকে সালমান শাহ শুধু অভিনয়েই নয়, ফ্যাশনেও তৈরি করেছিলেন নতুন ট্রেন্ড। মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি কিংবা বাইকে চড়ে তার উপস্থিতি তরুণদের কাছে হয়ে উঠেছিল অনুকরণের বিষয়। পর্দায় তার পোশাক, চুলের স্টাইল ও ব্যক্তিত্ব সবকিছুতেই ছিল সময়ের চেয়ে এগিয়ে থাকার ছাপ।
মাত্র চার বছরের ক্যারিয়ারে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। তার অভিনয়, হাসি, সংলাপ আর পর্দার উপস্থিতি আজও সমানভাবে স্মরণ করেন ভক্তরা।
কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ থেমে যায় এই অমর নায়কের পথচলা। তার মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড_ সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা আজও থামেনি।
তবে সময় যতই গড়িয়েছে, ভক্তদের ভালোবাসায় সালমান শাহ যেন আরও বেশি অমর হয়েছেন। তিন দশক পরও নতুন প্রজন্ম তার সিনেমা দেখে, তার স্টাইল অনুসরণ করে, আর পুরোনো দর্শক ফিরে যান সেই সোনালি নব্বইয়ের স্মৃতিতে।
সালমান শাহ নেই কিন্তু ঢালিউডের ইতিহাসে তার নাম আজও উজ্জ্বল। হয়তো এ কারণেই তিন দশক পরও তিনি শুধু একজন প্রয়াত নায়ক নন, কোটি মানুষের কাছে তিনি এখনো ‘স্বপ্নের রাজপুত্র’ সালমান শাহ।
তাসু/চখ