চট্টগ্রাম বন্দরের বিল পরিশোধ সহজ করল বাংলাদেশ ব্যাংক
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর। এই বন্দরের আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বড় ধরনের ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা বিডি-আরটিজিএস ব্যবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যেকোনো অংকের বিল পরিশোধ করা যাবে।
লেনদেনের ক্ষেত্রে আগের মতো আর কোনো নিম্নসীমা বা ন্যূনতম অংকের বাধ্যবাধকতা থাকছে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি-২) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় (মতিঝিল, ঢাকা-১০০০) থেকে প্রকাশিত ওই নথিতে দেখা যায়, ‘পিএসডি-২ সার্কুলার নং-০৪’ শীর্ষক এই নির্দেশনাটি বিডি-আরটিজিএস ব্যবস্থায় সংযুক্ত সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভেসেল বিল, কন্টেইনার বিল এবং কনসাইনি বিলসহ যাবতীয় অপারেশনাল চার্জ নিষ্পত্তিতে কোনো নিম্নসীমা প্রযোজ্য হবে না। তবে ব্যাংকগুলোকে একটি বিশেষ নিয়ম মানতে হবে। এসব নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ট্রানজেকশন টাইপ কোড বা টিটিসি ব্যবহার করতে হবে। অন্য কোনো সাধারণ লেনদেনে এই কোডটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না।
পিএসডি-২ এর পরিচালক (চলতি দায়িত্বে) মো. খাইরুল এনাম স্বাক্ষরিত এই নতুন নির্দেশনা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যায়, ফ্যাক্স ও আইপি নম্বরের মাধ্যমেও ব্যাংকগুলোকে বিষয়টি অবগত করা হয়েছে।
বন্দর ব্যবহারকারীদের ভোগান্তি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
ফরিদা|চখ