খালেদা জিয়ার সাজে চমক, জানালেন কারণ
খালেদা জিয়ার আদলে সাজ নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। তাঁর ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর একটি পর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইকনিক লুকে দেখা যায় তাঁকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সাজের কারণ জানান চমক। এটি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর ভ্লগে বিষয়ভিত্তিক পোশাক ও সাজ নেওয়ার একটি ধারাবাহিকতা রয়েছে।
চমক জানান, এর আগে মনিপুরী ও গারো সম্প্রদায় নিয়ে ভিডিও করার সময় তিনি তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন। আবার তাঁতশিল্প নিয়ে ভিডিও করার সময় তাঁতের শাড়িও পরেছেন।
তিনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, সেই বিষয়ের সঙ্গে মিল রেখেই নিজের লুক নির্ধারণ করেন। তাই খালেদা জিয়ার আদলে সাজও তাঁর ভিডিও নির্মাণের সেই ধারাবাহিকতার অংশ বলে জানান অভিনেত্রী।
নিজের ফ্যাশন ও পোশাকের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার বিষয়েও আগ্রহের কথা বলেন চমক। তাঁর মতে, বাংলাদেশের পোশাক দেশের পরিচয় ও সংস্কৃতিকে উপস্থাপনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তিনি ফ্যাশন, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেন বলেও জানান।
এদিকে চলতি বছর বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনে রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় আসেন চমক। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ হিসেবে তিনি দেশের জন্য কাজ করার একটি বড় প্ল্যাটফর্ম পাওয়ার ইচ্ছার কথা জানান। নীতিনির্ধারণ ও দেশের পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগ তৈরি করাও তাঁর অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
বর্তমান সরকারের মূল্যায়ন প্রসঙ্গে চমক বলেন, সব ক্ষেত্রে একইভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। কোনো ক্ষেত্রে সরকারের কার্যক্রম ১০-এর মধ্যে ১০ হলেও, কোনো ক্ষেত্রে তা ১০-এর মধ্যে শূন্য হতে পারে। তাই সামগ্রিক মূল্যায়নের জন্য গবেষণার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তাসু/চখ