chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভোলায় দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩ কেজি ওজনের দুটি ইলিশ। মাছ দুটি নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে শরীফ ব্যাপারির মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। পরে নিলামে মাছ দুটি ১৫ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী ফরহাদ হাওলাদার।

জেলে রফিক মাঝি বলেন, রোববার মেঘনায় জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকৃতির এই দুটি ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুটি আলাদা করে আড়তে নিয়ে নিলামে বিক্রি করা হয়।

মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে ফরহাদ হাওলাদারের আড়তের কর্মচারী মাছ দুটি কিনে নেন। মাছ দুটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট রয়েছে। এ অবস্থায় বড় আকৃতির ইলিশ জেলের জালে ধরা পড়া স্বস্তির বিষয়। সামনে আরও বড় আকৃতির ইলিশ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর