chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে পৃথক অভিযান: দেশি-বিদেশি অস্ত্রসহ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের পৃথক যৌথ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশ। সেখানে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি ও এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে টেকনাফের সাবরাং এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাংয়ের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর