এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে পতেঙ্গা থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মামুন মিয়া এবং মায়ের নাম মুক্তা।
আনয়নকারী ইন্টার্ন চিকিৎসক মারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়কে একটি ক্রেনের সঙ্গে দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন নাফিসা। পরে গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নাফিসাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
তাসু/চখ