চকরিয়ায় সমবয়সী শিশুর ঘুষিতে ১০ বছরের শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী এক শিশুর ঘুষিতে তারেকুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ২ টার দিকে পৌরশহরের নামার চিরিঙ্গা বায়তুশ শরফ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক তার দাদার পানের দোকানে সময় কাটাত। মঙ্গলবার রাতে দোকান থেকে পানি আনতে বের হলে সমবয়সী এক বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই শিশু তারেকের কানের পাশে সজোরে ঘুষি মারলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় পৌঁছালে তারেকের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
তাসু/চখ