chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে চালু হলো নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম নগরে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে শুরু হওয়া এ সেবায় চালক ও সহকারী, দুই দায়িত্বেই থাকছেন নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে এ বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

একই দিনে ঢাকা ও বগুড়ার পাশাপাশি চট্টগ্রামেও নারীদের জন্য বিশেষায়িত এ পরিবহনসেবা চালু করা হয়েছে। নারী-পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’ চালুর পরিকল্পনা চলতি অর্থবছরের বাজেটেও ঘোষণা করা হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। সরকার যে উদ্দেশ্যে এ কর্মসূচি শুরু করেছে, তার মাধ্যমে নারীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলাচল করতে পারেন, সেটি নিশ্চিত করা হবে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন এ বাস সার্ভিসের দুটি বাস কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে কাপ্তাই রাস্তার মাথা, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ এ রুটে ১২টি নির্ধারিত পয়েন্টে নারী যাত্রীরা ওঠানামার সুযোগ পাবেন।

দূরত্ব অনুযায়ী বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা। কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। অন্যদিকে কালুরঘাট বা কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত পুরো রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮ টাকা।

এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো- বাসের চালক ও সহকারী দুজনই নারী। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

নতুন বাসে যাতায়াত করা এক নারী যাত্রী বলেন, সাধারণ বাসে চলাচলের সময় নারীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নতুন এ বাসে চালক, সহকারী ও যাত্রী সবাই নারী হওয়ায় নিরাপত্তার অনুভূতি বেশি থাকবে। দীর্ঘদিন ধরেই নারীদের জন্য আলাদা বাসের প্রয়োজন ছিল।

উল্লেখ্য, নারীদের নিরাপদ চলাচল ও পরিবহন খাতে তাদের অংশগ্রহণ বাড়াতে নারী-পরিচালিত বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয় সরকার। এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও নগরে বিআরটিসির মহিলা বাস চালুর কর্মসূচির কথা জানানো হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানু/চখ

এই বিভাগের আরও খবর