চট্টগ্রাম বিমানবন্দর: অর্ধকোটি টাকার সিগারেট ও ফোন উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৫১ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ৯টা ১৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রীদের তল্লাশিকালে এসব পণ্য উদ্ধার করা হয়।
অভিযানে তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মধ্যে প্লাটিনাম, মন্ড ব্র্যান্ডের সিগারেট রয়েছে।
এ ঘটনায় জড়িত তিন যাত্রী হলেন-মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ। উদ্ধারকৃত পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
বিমানবন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার তৎপরতায় পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং এ ধরণের তৎপরতা অব্যাহত থাকবে।
আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় বিদেশি সিগারেট এবং ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোনগুলো ডিএম মূলে আটক করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদা|চথ