খালেদা জিয়াকে ফুড পয়জনিং করা হয়েছিল, তদন্ত হওয়া দরকার: রিজভী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য ফুড পয়জনিং করা হয়েছিল। বিষয়টি তদন্তে দ্রুত শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘আমরা বারবার বলেছি যে তাকে তিলে তিলে শেষ করার জন্য ফুড পয়জনিং করা হয়েছে, এটা আসলে সত্য। এ বিষয়ে অতি জরুরিভাবে খুব পাওয়ারফুল একটা তদন্ত কমিটি করা দরকার।’
তিনি অভিযোগ করেন, কারাবন্দি থাকা অবস্থায় খালেদা জিয়ার অসুস্থতাকে তৎকালীন সরকার গুরুত্ব দেয়নি এবং উন্নত চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি।
রিজভী বলেন, ‘যে মানুষটি হেঁটে গেলেন কারাগারের ভেতরে, সেই মানুষটি জরাজীর্ণ অবস্থায়, অসুস্থতায়, রোগে-শোকে ধুঁকতে ধুঁকতে বের হলেন। এই রোগে-শোকে ধুঁকতে ধুঁকতেই তার জীবনাবসান হলো গত বছরের ৩০ ডিসেম্বর।’
খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তার দেশপ্রেম, রাজনৈতিক অবদান ও অর্জনকে স্মরণ রাখতে হবে। রাষ্ট্রে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েই তাকে যথাযথ সম্মান জানানো সম্ভব।
তিনি বলেন, ‘আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে।’ একই সঙ্গে এমন একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে মানুষ গুম, গুপ্তহত্যা কিংবা রাষ্ট্রীয় নিপীড়নের ভয় ছাড়াই ভিন্নমত প্রকাশ করতে পারে।
অনুষ্ঠানে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আলীসহ বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
মআ/চখ