chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বাসার তালা ভেঙে স্বর্ণ চুরি, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজারে একটি বাসার তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজারের একটি জুয়েলারি দোকান থেকে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি আংটি, ৬ জোড়া কানের দুল ও ২টি চেইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রহমত ওরফে হাসান (২৯) এবং সাজ্জাদ হোসেন ওরফে অর্পূ (২৭)। তাঁদের দুজনেরই বর্তমান ঠিকানা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায়।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই সকাল আটটা থেকে পরদিন ২৭ জুলাই বিকেল পাঁচটার মধ্যে কোনো একসময় চকবাজার থানার ডিসি রোডের কালাম কলোনির হক ম্যানশনের নিচতলায় এরফানুল হকের বাসায় চুরির ঘটনা ঘটে। ওই সময় বাসায় কেউ ছিলেন না। চোরেরা প্রধান দরজার তালার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
এ ঘটনায় ২৯ জুলাই চকবাজার থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।

মামলাটির তদন্তে নেমে চকবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকার শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। এসব ফুটেজ বিশ্লেষণ করে রহমত ও সাজ্জাদকে শনাক্ত করা হয়।

পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজ ও তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে বাসাটির দরজার তালার হুক ভেঙে চুরি করেন।

তদন্তের ধারাবাহিকতায় শনিবার (১৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রহমত ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের সঙ্গে নিয়ে হাটহাজারী থানার আমান বাজার এলাকার বিএন জুয়েলার্সে অভিযান চালায় পুলিশ। সেখানে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও দোকানমালিকের উপস্থাপিত মালামালের ভিত্তিতে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি স্বর্ণের আংটি, ৬ জোড়া কানের দুল ও ২টি চেইন উদ্ধার করা হয়।

এ ছাড়া রহমতের জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি এবং ওই স্বর্ণ কেনাবেচাসংক্রান্ত রেজিস্টারের একটি পাতা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করা একটি সংঘবদ্ধ পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান ও তদন্ত চলছে।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর