ফটিকছড়িতে চাঁদাবাজি করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে : এমপি সরোয়ার
ফটিকছড়িতে দলের পরিচয়ে চাঁদাবাজি আমি বেঁচে থাকতে সহ্য করবো না। কাউকে ধরে এনে জিম্মি করে, চাঁদাবাজি করে টাকা নেওয়া হবে। এসব আমি করতে দেব না। যদি কেউ করে তবে, আমার লাশের উপর দিয়ে করতে হবে। আমি লিস্ট করছি, যেই হোক। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করেন। না হয় আমি আমার প্যাডের উপর প্রশাসনকে লিখে দিব, যেন তাদের আইনের আওতায় আনা হয় এবং কঠিন শাস্তি দেয়া হয়।
১৫ আগস্ট দুপুরে ফটিকছড়ি উপজেলা বিএনপির আয়োজনে ফটিকছড়ি সদরের দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফটিকছড়ির মানুষ শান্তি চায়। ১৭ বছর মানুষ শান্তিতে ছিল না। ৫ আগস্টের পর তথাকথিত ইনসাফ ব্যাপারীরা ফটিকছড়ির মানুষকে জিম্মি করে রেখেছে। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ফটিকছড়ির মানুষ তাদের বিরুদ্ধে গিয়ে আমাদের ভোট দিয়েছে। তার মানে আমরাও একই কাজ করবো, তা আমি হতে দিব না। সন্ত্রাসী কর্মকান্ডে ও চাঁদাবাজিতে যদি আমার ভাইও জড়িত থাকে, তাকেও ধরে পুলিশে সোপার্দ করুন।
বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে সরোয়ার আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষার প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন। সন্ত্রাসবাদের ব্যাপারেও তিনি কখনো ছাড় দেননি।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের মরহুম অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন, সরোয়ার আলমগীর এমপি।
মআ/চখ