chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে অপহরণ মামলার পলাতক আসামি ধরা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফেনীর চাঞ্চল্যকর ৪ ব্যক্তিকে অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিন্টুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি মিন্টু (২৫) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর চার ব্যক্তিকে অপহরণ মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মিন্টু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্য পায় র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে বিকেল ৫ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরিসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারের পর মিন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর