chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৫ আগস্ট ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে সারা দেশে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারেন, সে জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের মেট্রোপলিটন এলাকা, জেলা ও থানা পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তরপুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ১৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অপতৎপরতা চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন। এ আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট বসানো হয়েছে। নগরের প্রবেশপথগুলোতেও তল্লাশি জোরদার করা হয়েছে।

তিনি জানান, ১৫ আগস্ট ঘিরে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে থাকবেন। সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে সুইপিং করবে।

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ করবেন।

সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‍্যাব ও সিআইডির টিমও মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর