বাঁশখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল
চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দলটির নেতা-কর্মীদের দাবি, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে কয়েক ডজন ব্যক্তিকে মশাল হাতে মিছিল করতে দেখা যায়। ভিডিওতে তাদের বিভিন্ন স্লোগান দিতে এবং মিছিল শেষে কয়েকজনকে বক্তব্য দিতে দেখা গেছে।
দলটির নেতা-কর্মীদের দাবি, মিছিলে প্রায় ৫০ থেকে ৬০ জন অংশ নেন।
তাদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি চুনতিবাজার এলাকার সড়কে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এর আগে বুধবার রাতে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকাতেও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল হয়েছে বলে দাবি করা হয়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মশালমিছিলের বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
এদিকে, সাম্প্রতিক সময়ে বাঁশখালী-আনোয়ারা সীমান্তের তৈলারদ্বীপ সেতুকে ঘিরে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও মিছিলের খবরও পাওয়া গেছে। জুলাইয়ে সেতুর টোল ইজারা বাতিলের দাবিতে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলেন।
তাসু/চখ