chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এস এস সি ২০২৬

৩১২ প্রতিষ্ঠানে সবাই ফেল, শতভাগ পাস ৬৬৯টিতে

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। আবার একই পরীক্ষায় ৬৬৯টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এক ফলাফলে দুটি বিপরীত বাংলাদেশ।

সোমবার (১০ আগস্ট) সকাল দশটায় শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের চেয়ে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট কম।

শূন্য পাসের ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৯টি। বিদেশে অবস্থিত একটি পরীক্ষাকেন্দ্রেও কেউ পাস করেননি। গত বছরের তুলনায় সংখ্যাটা বেড়েছে আশঙ্কাজনক হারে।

২০২৫ সালে সাধারণ বোর্ডে শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ৪৮টি, মাদ্রাসা বোর্ডে ছিল ৮৬টি। আর কারিগরি বোর্ডে গত বছর একটি প্রতিষ্ঠানও এই তালিকায় ছিল না এবার সেখানে ঢুকে পড়েছে ২৯টি।

 

এ বছর মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, যা গত বছরের চেয়ে প্রায় ২২ হাজার কম।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।

বোর্ডওয়ারি হিসেবে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা বোর্ড — পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। এরপর যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭, বরিশালে ৬০ দশমিক ৩৫, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮, সিলেটে ৫৮ দশমিক ৩৩, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ। সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর