প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) একদিনের সফরে কক্সবাজারের মহেশখালী এবং চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। নগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও চলছে প্রস্তুতি। দলীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা ও মতবিনিময়ের সুযোগকে তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে মহেশখালীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে।
এরপর দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় যাবেন তিনি। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন এবং ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়ে পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এরই মধ্যে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। দলীয় কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে অংশ নিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল, হেলিপ্যাড ও আশপাশের এলাকায় প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।
বাঁশখালী থেকে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পাশাপাশি হেফাজতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় ৫০ জন নেতার সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
হেফাজতের পক্ষ থেকে এ সাক্ষাৎকে অরাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শপথের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় ফটিকছড়ির উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রস্তুতি রয়েছে।
এরপর সড়কপথে হাটহাজারীতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
এই অনুষ্ঠানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে সহায়তা হিসেবে এক লাখ টাকা করে এবং ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের শেষ কর্মসূচি হিসেবে নগরের একটি পাঁচ তারকা হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, সভায় নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পাশাপাশি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫৫০ থেকে ৬০০ নেতা অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাওয়ায় দলীয় নেতাদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চট্টগ্রামের সাংগঠনিক পরিস্থিতি, স্থানীয় সমস্যা এবং দলের কার্যক্রম নিয়ে নেতারা প্রধানমন্ত্রীর কাছে কথা বলার সুযোগ পাবেন বলে আশা করছেন।
দলীয় সূত্র বলছে, তারেক রহমানের সফরকে ঘিরে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন পর বড় ধরনের উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। অনেক নেতাকর্মীর মধ্যে তাঁকে সরাসরি দেখার ও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার ব্যাপারে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের চট্টগ্রামে প্রথম সফর। এর আগে গত ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।
একদিনের এই সফরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন, হেফাজতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে তারেক রহমানের চট্টগ্রাম সফরকে ঘিরে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সফরসূচি অনুযায়ী, রোববার রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তাসু/চখ