টেকনাফের পাহাড়ে ভয়ংকর অপহরণকাণ্ড, উদ্ধার ৩ রোহিঙ্গা
কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা মুক্তিপণ চেয়ে আটকে রাখা তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। এ ঘটনায় অপহরণচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া ভুক্তভোগীরা হলেন— উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক-বি-৮১) বাসিন্দা মো. ইউনুছের ছেলে মো. আয়াছ (১৮), মুসলিমের ছেলে মো. ইয়াছিন (২৮) ও ছৈয়দ হোছনের ছেলে জোবাইর (২৫)।
র্যাব জানায়, উখিয়া থানায় করা সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পের শালবাগান সংলগ্ন গহীন পাহাড়ের দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে অপহরণের শিকার তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ভুক্তভোগীরা গত ৩০ জুলাই মুচনী ক্যাম্পে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে অপহরণকারীরা তাদের তুলে নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রাখে। পরে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে পরিবারের সদস্যদের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে র্যাবকে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুচনী রেজিস্টার-১ নম্বর ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলায় পৃথক অভিযান চালায় র্যাব। এ সময় অপহরণচক্রের সঙ্গে জড়িত হাফেজ আহম্মেদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে মুচনী রেজিস্টার ক্যাম্প-১-এর ব্লক-ডি এলাকার বাসিন্দা মৃত রশিদ আহম্মদের ছেলে।
এ বিষয়ে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাফেজ আহম্মেদ অপহরণচক্রের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া তিন ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তাসু/চখ