chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।  

দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনভর বিটিভির পর্দায় থাকছে কবিতা, আলোচনা, সাক্ষাৎকার, সাংস্কৃতিক পরিবেশনা ও গুরুত্বপূর্ণ কর্মসূচির সরাসরি সম্প্রচার।

গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও এর চেতনাকে কেন্দ্র করে নির্মিত বিশেষ ফিলারও প্রচার করবে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যম। পাশাপাশি থাকছে বিভিন্ন স্মৃতিচারণমূলক আয়োজন।

বিটিভির সূচি অনুযায়ী, বিকেল ৪টা ৫ মিনিটে জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় প্রচারিত হবে কবিতা পাঠের অনুষ্ঠান। এরপর বিকেল সাড়ে ৪টায় ইয়াসমিন আক্তারের প্রযোজনায় প্রচার হবে ‘আয়না ঘর’-এর অভিজ্ঞতা ও স্মৃতি নিয়ে নির্মিত বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান।

সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় থাকছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির আয়োজন। রাতের পর্বে রাত ৮টা ৫০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় প্রচারিত হবে গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

এ ছাড়া রাত ১০টায় মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১১টায় মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় আরও একটি আলোচনা অনুষ্ঠান প্রচার করবে বিটিভি।

নিয়মিত অনুষ্ঠান ছাড়াও দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এর মধ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর