খুলশীতে বিদেশি পিস্তলসহ ‘নাশকতার পরিকল্পনাকারী’ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার শাহীন কুমিল্লার চান্দিনা থানার সাতগাঁও (অজি বাড়ী) এলাকার মো. মজিবের ছেলে। তিনি বর্তমানে খুলশীর আমবাগান এলাকার পূবালী মাঠে সিরাজ মিয়ার বাড়িতে বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে শাহীন বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ফরিদা|চখ