chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু, বৃষ্টিতেও নেতাকর্মীদের ঢল

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

সমাবেশ শুরুর সময় রাজধানীতে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং আশপাশের এলাকায় বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশস্থলে এখনও দলে দলে নেতাকর্মী যোগ দিচ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের। এছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৩৬ দিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবেই রাজধানীসহ সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে বুধবার সমাবেশের আয়োজন করা হয়েছে।

তাসু/চখ