chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা আবার তেল কেনার দিকে ঝুঁকেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) লেনদেনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১ শতাংশ বেড়ে ৮৪ ডলারের বেশি হয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দামও বেড়ে ৮১ ডলারের কাছাকাছি পৌঁছায়। আগের দিনের বড় দরপতনের পর এদিন বাজারে আংশিক পুনরুদ্ধার দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দেওয়া হলেও তেহরান সেই দাবিকে নাকচ করেছে। ফলে সংকট দ্রুত কাটবে এমন আশা কমে গেছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, কারণ মধ্যপ্রাচ্য বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল।

বিশেষ করে হরমুজ প্রণালি, যেখান দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়, সেখানে যেকোনো ধরনের অস্থিরতা বিশ্ববাজারে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব ফেলে। সাম্প্রতিক উত্তেজনায় এই রুটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উন্নতি না হলে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতেও জ্বালানি তেলের দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর