শীর্ষ সন্ত্রাসী রায়হান বাহিনীর সদস্যসহ গ্রেফতার ৪
চট্টগ্রামে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী রায়হান বাহিনীর সদস্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত দুটি পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড তাজা গুলি।
সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্য, আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে জড়িতদের শনাক্ত করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ২ আগস্ট সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগী মো. দিদার আলম (৩০) ও মো. আফসার মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, দিদারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১০টি মামলা এবং আফসারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে ৬টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ আগস্ট রাত ২টা ৪০ মিনিটে রাউজান উপজেলার পূর্ব রাউজান (জুরুলকুল) এলাকায় একটি বসতঘরের পেছনে সেফটি ট্যাংকের পাশে মাটির নিচে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে, মিরসরাই উপজেলার জোরারগঞ্জে হত্যাচেষ্টা মামলার তদন্তে অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. বোরহান ও মো. রনি।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই হিঙ্গুলী ইউনিয়নে নাজিম নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় হত্যাচেষ্টা মামলা হয়। ওই মামলার তদন্তে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে বোরহানের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পাশের একটি ওয়ার্কশপে তল্লাশি চালিয়ে শাটারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস, ব্যবহার এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও সহিংস অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
তাসু/চখ