ভারতে ৬ বাংলাদেশি আটক
ভারতের রাজধানী দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, বিশেষ অভিযান ‘অপারেশন ভিস্টা ওয়ান পয়েন্ট’-এর আওতায় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ডাবল-এন্ট্রি ভিসায় ভারতে প্রবেশ করলেও প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় দেশটিতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত বিশেষ যাচাইকরণ অভিযানে তাদের ভিসার মেয়াদ ও অবস্থানের তথ্য যাচাই করে এই অনিয়ম ধরা পড়ে।
পরবর্তীতে তাদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা শেষে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। এরপর ছয়জনকেই দিল্লির সেবা ধাম ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, দুই নারীসহ ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আসাম পুলিশ আটক করেছে এবং পরে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন এলাকায় সতর্কতামূলক অভিযানের সময় তাদের শনাক্ত করে আটক করা হয়। তবে সীমান্তের কোন সেক্টর থেকে তাদের আটক করা হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।
আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে, আসাম পুলিশের তথ্যমতে, গত আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ১৬৭ জন বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও আসাম পুলিশ জানিয়েছে, বাংলাদেশ-সংলগ্ন আসামের প্রায় ১ হাজার ৮৮৫ কিলোমিটার সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
তবে দিল্লিতে ভিসা লঙ্ঘনের অভিযোগে আটক ছয় বাংলাদেশি এবং আসামে অনুপ্রবেশের অভিযোগে আটক ছয় বাংলাদেশি একই ব্যক্তি কি না এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
তাসু/চখ