কক্সবাজারে ৭৬ কেজি গাঁজাসহ ২ কারবারি ধরা
কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৫। এ ঘটনায় একাধিক থানার ছয় মামলার আসামিসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার বাসিন্দা নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম থেকে একটি সাদা সেডান কারে করে বিপুল পরিমাণ মাদক কক্সবাজারের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন গাড়িটি থামিয়ে চালক ও যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তারা পরস্পরবিরোধী তথ্য দেন। এতে সন্দেহ হলে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ট্রলি ব্যাগে করে মাদকের চালানটি কক্সবাজারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার অপরাধের পূর্ববর্তী রেকর্ড (PCPR) পর্যালোচনায় দেখা গেছে, রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনে তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মাদকের বড় চালান কক্সবাজারে পৌঁছানোর আগেই আমরা তা জব্দ করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া গাঁজা, জব্দ করা প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
তাসু/চখ