বয়সের ছাপ কমাতে মুখে কোন তেল ব্যবহার করবেন?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে নানা পরিবর্তন দেখা দেয়। ধীরে ধীরে কমতে থাকে কোলাজেন ও ইলাস্টিনের উৎপাদন। ফলে ত্বকে বলিরেখা, শুষ্কতা, কালচে দাগ এবং উজ্জ্বলতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে ত্বক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সঠিক ধরনের মুখের তেল ব্যবহার করলে এসব পরিবর্তনের প্রভাব অনেকটাই কমিয়ে রাখা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, মুখের তেল ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। একই সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি জোগায়, যা ত্বককে কোমল, মসৃণ ও উজ্জ্বল রাখতে সহায়ক। এ কারণে বয়সের ছাপ কমাতে অনেকেই এখন নিয়মিত ত্বকের যত্নের অংশ হিসেবে মুখের তেল ব্যবহার করছেন।
কেন বয়সের সঙ্গে ত্বকে পরিবর্তন আসে?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন ও ইলাস্টিন তৈরির হার কমে যায়। ফলে ত্বকের স্বাভাবিক টানটান ভাব নষ্ট হতে থাকে। এ ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা, ত্বকের পর্যাপ্ত যত্ন না নেওয়া, পানিশূন্যতা এবং শুষ্কতার কারণেও ত্বকে দ্রুত বয়সের ছাপ দেখা দিতে পারে।
মুখের তেল কীভাবে উপকার করে?
মুখের তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে এবং ত্বকের সুরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে ভূমিকা রাখে। পাশাপাশি এটি ত্বককে প্রয়োজনীয় পুষ্টি জোগায়, যা বলিরেখা, শুষ্কতা ও অসমান ত্বকের রঙের সমস্যা কমাতে সহায়ক হতে পারে। নিয়মিত ব্যবহারে ত্বক আরও সতেজ, কোমল ও প্রাণবন্ত দেখায়।
কোন ধরনের তেল উপকারী?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বয়সের ছাপ কমাতে এমন মুখের তেল বেছে নেওয়া ভালো, যাতে কোকো বাটার, রোজহিপ (গোলাপফল) তেল, তিলের তেল, ভিটামিন সি ও রেটিনলের মতো উপাদান থাকে। এসব উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, বলিরেখা কমাতে এবং ত্বকের রঙের সমতা বজায় রাখতে সহায়ক হতে পারে।
শুধু তেল ব্যবহার করলেই হবে না
মুখের তেল ব্যবহারের পাশাপাশি প্রতিদিন ত্বক পরিষ্কার রাখা, উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা এবং বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগানোও জরুরি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত ঘুম ত্বক সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত যত্ন নিলে বয়স বাড়লেও দীর্ঘদিন ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ও কোমলতা ধরে রাখা সম্ভব।
ফরিদা|চখ