chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, কে হচ্ছেন রাষ্ট্রপতি?

দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন দলের একাধিক জ্যেষ্ঠ নেতা।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বুধবার (২৯ জুলাই) বলেন, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত বিষয়টি আলোচনায় আসতে পারে।

দলীয় সূত্রগুলো জানায়, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে দল কাকে মনোনয়ন দেবে, সে বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানই নেবেন বলে দলটির একাধিক নীতিনির্ধারক মনে করছেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল। গত মঙ্গলবার (২৮ জুলাই) তার সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপির স্থায়ী কমিটির অন্তত তিন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কয়েকজনের নাম দলীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। তবে বিএনপির কোনো জ্যেষ্ঠ নেতা এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ্যে বলতে রাজি হননি।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতির পদ কেবল আনুষ্ঠানিক নয়; সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং রাজনৈতিক সংকটের সময় রাষ্ট্র পরিচালনায় এ পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলটি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চায়।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর