chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কমান্ডার জুবায়ের নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. জুবায়ের (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের রহমত উল্লাহর ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ‘স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টে অবস্থিত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় পরে জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত গোপন তথ্য অনুযায়ী, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) অভ্যন্তরীণ বিরোধ ও বিভক্তিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনার সময় ভোররাতে ওই স্থানে নিহতের উপস্থিতিও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর