chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এমপি সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদানে বাধা নেই: আপিল বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগদানে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ প্রদান করে। একই সঙ্গে আদালত জানিয়েছে, জামায়াত প্রার্থী চাইলে নিয়মিত আপিল দায়ের করতে পারবেন।

এই আসনে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এর পর প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট তার প্রার্থিতা ফিরিয়ে দেয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে তার ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল।

সরোয়ারের রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট রায় দেয়। রায়ে ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। ওই রায়ের পর একই দিনে ট্টগ্রাম-২ আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। এরপর সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

এমন পরিস্থিতিতে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে এবং সংসদ অধিবেশনে সরোয়ারের যোগদান বন্ধ রাখার অনুরোধ জানিয়ে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন গত ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন।

এদিন আদালতে জামায়াত প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। সরোয়ারের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন। শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলও।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর