chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের পুনরায় টিকাদান শুরু

সারাদেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় টিকা থেকে বাদ পড়া শিশুদের পুনরায় টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে সম্ভাব্য আক্রান্তদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় সপ্তাহব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে পাড়াভিত্তিক কমিটি গঠন করে স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসার আওতায় আনার জন্য মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, নাইক্ষ্যংছড়িতে এখন পর্যন্ত কোথাও হামের বড় ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল মনজুর বলেন, “সারা দেশের মতো আমাদের উপজেলাতেও পাড়াভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ জুলাই থেকে স্বাস্থ্য বিভাগের টিম মাঠপর্যায়ে কাজ করছে। টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি কেউ হামে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে আমাদের স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত ব্যক্তির বাড়িতেও গিয়ে চিকিৎসাসেবা দেবেন।”

তিনি আরও বলেন, “এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে কেউ যদি হামের লক্ষণযুক্ত রোগীর তথ্য পান, তাহলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে জানিয়ে সহযোগিতা করবেন। জনগণের সহযোগিতা পেলে হামের বিস্তার প্রতিরোধ করা আরও সহজ হবে।”

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকাদান কার্যক্রম সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে মাঠপর্যায়ে নিবিড়ভাবে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে টিকা থেকে বাদ পড়া সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর