chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাছের প্রজনন রক্ষায় কাপ্তাই হ্রদে আরও ১০ দিনের ‘বিরতি’

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে মাছ আহরণ ও শিকার সম্পূর্ণ বন্ধ থাকবে। ১১ আগস্ট থেকে পুনরায় মাছ আহরণ শুরু হবে।

সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো. ফয়েজ আল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাছের প্রাকৃতিক প্রজনন, নিরাপদ বংশবৃদ্ধি এবং কার্পজাতীয় মাছের সংরক্ষণ নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে সময়মতো হ্রদের পানির স্তর না বাড়া এবং কাঙ্ক্ষিত হারে মাছের বংশবিস্তার না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বিএফডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং মৎস্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটির মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান বলেন, হ্রদে পর্যাপ্ত পানি বৃদ্ধি এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। এতে দীর্ঘমেয়াদে সরকারের পাশাপাশি জেলে ও মৎস্যসংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর