chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে জোরপূর্বক প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে কোনো ধরনের নিয়মনীতি বা পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে।

তারা দাবি করেন, ব্যাংকটিতে একটি গোষ্ঠী অবৈধভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ ও পদোন্নতি দিয়েছে।

বিক্ষোভকারীরা ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সসম্মানে পুনর্বহালের দাবি জানান।

চাকরিচ্যুত কর্মীদের ভাষ্য, সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী চট্টগ্রামে একটি বড় অর্থনৈতিক ও কর্মসংস্থানভিত্তিক প্রকল্পের উদ্বোধন করতে এলেও তারা দীর্ঘদিন ধরে কর্মহীন ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। তাদের ন্যায্য দাবিগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টিগোচর করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিক্ষোভে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সমন্বয়ক মো. এমদাদ হোসেনসহ অন্যরা নেতৃত্ব দেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, ভিআইপি সফর ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর