chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উত্তর ফটিকছড়িতে চলছে ৪৮ ঘন্টার হরতাল

ফটিকছড়িতে নবগঠিত “ফটিকছড়ি উত্তর” উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে উপজেলার বাগান বাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীর ডাকা ৪৮ ঘন্টার হরতাল ও অবরোধ রবিবার সকাল থেকে শুরু হয়েছে।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের ডাকা হরতালে গহিরা-হেঁয়াকো সড়ক ও বারৈয়ারহাট-রামগড় সড়কে যান চলাচল সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। সে সাথে ৩ ইউনিয়নের হাট-বাজার, দোকানপাঠ, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

উত্তর ফটিকছড়ির মির্জার হাট থেকে বাগান বাজার পর্ষন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে কোথায় গাছের গুড়ি, কোথাও ট্রাক দাঁড় করিয়ে, আবার কোথাও কোথাও পিকেটাররা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

“ফটিকছড়ি উত্তর” উপজেলা বাস্তবায়ন পরিষদের মুখপাত্র বাগান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে করার দাবীতে আমরা রাস্তায় নেমে এসেছি। আমাদের এ যৌক্তিক দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, হরতাল ও অবরোধ কর্মসূচিতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এই কর্মসূচির আওতার বাইরে রয়েছে।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, উত্তর ফটিকছড়ির ৩ ইউনিয়নে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে।

এলাকাবাসী বিভিন্ন পয়েন্টে অবস্থা নিয়ে ও ব্যারিকেট দিয়ে হরতাল পালন করছে। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে আছে। থানা পুলিশের বাইরে অতিরিক্ত ৪০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা বিভিন্ন স্থান সতর্ক অবস্থানে আছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর