র্যাঙ্কিংয়ের পুরস্কার, সরাসরি নকআউটে টাইগাররা
২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড না খেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
জাপানের নাগোয়ায় আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে ২০২৬ এশিয়ান গেমস।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী, পুরুষদের বিভাগে মোট ১০টি দল অংশ নেবে।
প্রথম রাউন্ডে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
পুরুষদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতার সব ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে।

অন্যদিকে, মেয়েদের ক্রিকেটে অংশ নেবে মোট আটটি দল। দলসংখ্যা কম হওয়ায় নারী বিভাগে প্রতিযোগিতা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এছাড়া ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের।
নারীদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান গেমসে ক্রিকেটে ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ নারী ও পুরুষ দল।
তাসু/চখ