chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে অনলাইন বেটিং সিন্ডিকেটের ৯ সদস্য আটক 

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনাকারী একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

সোমবার রাত দেড়টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ও মন্ডলপাড়া এলাকায় চক্রটির দুটি আস্তানায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মোহাম্মদ আলীর ছেলে শুক্কুর আলী (২৮), একই এলাকার সামছুল আলমের ছেলে সাইফুল ইসলাম, সাবরাং ইউনিয়নের হাদুরছড়া এলাকার আব্দুর রহিমের ছেলে জাফর আলম, একই এলাকার জাফর আহম্মেদের ছেলে সোলেমান (১৫), সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার নজরুল মিয়ার ছেলে আব্দুল হান্নান (২৩), কুতুপালং ১ নম্বর এফডিএমএন ক্যাম্পের নূর মোহাম্মদের ছেলে নূরুল হাকিম (১৯), একই ক্যাম্পের নূর হোসেনের ছেলে জান্নাত উল্লাহ (২২), কুতুপালং ৭ নম্বর এফডিএমএন ক্যাম্পের জামাল আহম্মদের ছেলে মোহাম্মদ ইউনুস (২১) এবং সাবরাং ইউনিয়নের হাদুরছড়া এলাকার মৃত নূর আহম্মদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৭)।

বিজিবি জানায়, প্রায় তিন মাস ধরে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যরা অনলাইন জুয়া পরিচালনাকারী এই সংঘবদ্ধ চক্রটির ওপর নিবিড় নজরদারি চালিয়ে আসছিলেন। গোয়েন্দা তথ্য, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে চক্রটির সদস্যদের পরিচয়, কার্যক্রমের ধরন ও অবস্থান নিশ্চিত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলাকে কেন্দ্র করে চক্রটি বিপুল পরিমাণ অর্থ লগ্নি করে অনলাইন বেটিং পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। ওই রাতে দুটি আস্তানায় অভিযান চালিয়ে চারদিক থেকে ঘেরাও করে ৯ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল তথ্য-উপাত্ত বিশ্লেষণে তাদের অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে।

তদন্তে জানা যায়, তারা 1XBET, BABU88, 3666BET, DAILY TAKA, MILLION GOLDEN DEAL, 499BET, XX999, 3333BET22-সহ বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মে বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ লেনদেন করত। এছাড়া কয়েকজন BINANCE ও BYBIT-এর মতো ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করেও লেনদেন পরিচালনা করত। তাদের অর্থ লেনদেনের ইতিহাসে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করত বলেও তদন্তে উঠে এসেছে।

এদিকে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, অবৈধ পণ্য পাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের অপরাধ নির্মূলে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর