chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভুয়া রুটিনে বিভ্রান্তি

এইচএসসি পরীক্ষা নিয়ে চট্টগ্রাম বোর্ডের জরুরি বার্তা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত থাকা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে প্রচারিত কোনো অননুমোদিত বিজ্ঞপ্তি সঠিক নয়।

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় পরীক্ষা গ্রহণের মতো পরিবেশ তৈরি হয়েছে। তবে পরীক্ষা পুনরায় শুরু করতে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড।

তিনি বলেন, “আমরা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। অনুমোদন পেলেই স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বিজ্ঞপ্তি বা তারিখে বিশ্বাস না করার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করছি।”

বোর্ড জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন রুটিন ও সংশ্লিষ্ট সব তথ্য শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, শারীরিক ও মানসিক অবস্থা এবং পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়। একই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত রয়েছে।

এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার বাইরে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডটির অধীনে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ১ হাজার ৬২৬টি, মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৬১টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্র রয়েছে। সারাদেশে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর