নাইক্ষ্যংছড়িতে দশটি বার্মিজ গরু জব্দ
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ১০টি মালিকবিহীন বার্মিজ গরু আটক করেছে থানা পুলিশ।
রোববার (১৯ জুলাই) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিচামারা এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর আনুমানিক ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার এসআই হাবিবুর রহমান খানের নেতৃত্বে রাত্রীকালীন মোবাইল টহল দল বিচামারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০টি বার্মিজ গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে ঘটনাস্থলে গরুগুলোর কোনো মালিককে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গরুগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। সেগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন ১০টি বার্মিজ গরু দ্রুত আটক করা সম্ভব হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গবাদিপশু পাচার প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গবাদিপশু আনা-নেওয়ার চেষ্টা হয়ে থাকে। পুলিশের এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
মআ/চখ