chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

চট্টগ্রামের নবগঠিত “ফটিকছড়ি উত্তর” উপজেলার সদর দপ্তর উত্তরাংশে তথা আন্দোলনকারীদের দাবি অনুযায়ী ‘যৌক্তিক স্থানে’ স্থাপনের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন উত্তর ফটিকছড়ির ৩ ইউনিয়নের এলাকাবাসী। একই সঙ্গে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচিও চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর থেকে ফটিকছড়ি উত্তর উপজেলা সদর বাস্তবায়ন সমন্বয় পরিষদ-এর ব্যানারে আন্দোলনকারীরা হেয়াকো, বালুটিলা বাজারসহ খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং হেয়াকো-ফটিকছড়ি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে ব্যারিকেড দেন। ফলে ওই সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

হরতালের কারণে হেয়াকো, বাগানবাজার, চিকনছড়া, নারায়ণহাট, দাঁতমারা, বালুটিলাসহ উত্তর ফটিকছড়ির অধিকাংশ বাজারের দোকানপাটও বন্ধ রয়েছে। এতে যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

এর আগে বুধবার (১৫ জুলাই) হেয়াকো বাজারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয় সমন্বয় পরিষদ।

আন্দোলনকারীদের দাবি, নবগঠিত উপজেলার সদর দপ্তর এমন স্থানে স্থাপন করতে হবে, যাতে অন্তর্ভুক্ত ছয়টি ইউনিয়নের বাসিন্দারা সমানভাবে সহজে যাতায়াত করতে পারেন এবং সরকারি সেবা গ্রহণে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন।

তাদের অভিযোগ, বর্তমানে ঘোষিত স্থানে সদর দপ্তর স্থাপন করা হলে অধিকাংশ মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে সময় ও অর্থ—উভয়েরই অপচয় হবে। এ কারণে তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এলেও দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচিতে গেছেন বলে জানান।

বারৈয়ারহাট- খাগড়াছড়ি সড়কের চিকনছড়া এলাকায় রাস্তার উপর আড়াআড়ি ট্রাক দাঁড় করিয়ে হরতাল পালন করতে দেখা যায়। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবানে হরতাল কর্মসূচিতে অংশ নেয় বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট এই ৩ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন জানান, ন্যায্য দাবি নিয়ে মাঠে আছি। আমাদের দাবী যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপিত হোক। আমরা মানববন্ধন, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ একাধিক কর্মসূচি পালনের মধ্যমে সরকারকে জানান দিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেওয়ায় হরতালের মতো কর্মসূচি দিতে হলো।

দাঁতমারা ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় সাংবাদিক  কামাল উদ্দিন জানায়, ফটিকছড়ি উত্তরের মানুষ মাঠে নেমেছেন যৌক্তিক দাবিতে। বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ হরতালে সাড়া দিয়েছে। যথাযথ কর্তৃক্ষকে আমাদের যৌক্তিক দাবী মেনে নেয়ার আহবান জানাই।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, শান্তিপূর্ণ হরতাল চলছে, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সর্তক অবস্থানে আছে।

উল্লেখ্য, সরকার সম্প্রতি প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই নতুন উপজেলার সদর দপ্তরের অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর