চবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১ টায তাকে গ্রেফতার দেখানো হয়।
অভিযুক্ত শাহিন শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি খাবারের দোকানে কর্মরত।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ক্লাস শেষে চট্টগ্রামমুখী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার অপেক্ষায় ছিলেন ওই ছাত্রী। এ সময় অভিযুক্ত মো. শাহিন শেখ (২৫) তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে সহপাঠীরা শাহিনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন।
পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। প্রক্টরের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টার দিকে অভিযুক্তকে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা জানান, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
ফরিদা|চখ