টেকনাফে ডগ ‘চেরী’র সংকেতে ইয়াবা উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলো- পিকআপের চালক মো. নুর ইসলাম (৪২) ও তার সহযোগী মো. রুবেল (২৫)। তারা দুজনই জামালপুর জেলার ইসলামপুর থানার কুমিদার গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপ (ঢাকা মেট্রো-ট ১৩-১৫৯৪) থামানো হয়।
তল্লাশির সময় বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘চেরী’ গাড়িটিতে মাদকদ্রব্যের উপস্থিতির ইঙ্গিত দেয়। পরে চালক ও তার সহযোগীর আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটির বিস্তারিত তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চালকের আসনের সামনের ড্যাশবোর্ডের ভেতরে কাপড়ে মোড়ানো একটি পোটলা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা, একটি বাটন মোবাইল ফোন এবং ব্যবহৃত পিকআপসহ জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি জানান, আটক দুই আসামি ও উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত মালামাল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তাসু/চখ