chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় গোখরা সাপের ১২ ডিম উদ্ধার

পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পুকুরপাড় এলাকার চিশতিয়া খানকাহ শরিফের একটি এবাদতখানা থেকে বিষধর পদ্ম গোখরা সাপের ১২টি ডিম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দীর্ঘ সময় অভিযান চালিয়ে ডিমগুলো নিরাপদে উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খানকাহর একটি জরাজীর্ণ কোণে প্রথমে একটি সাপ দেখা যায়।

পরে উদ্ধারকারী দল সেখানে গিয়ে ১২টি ডিম দেখতে পায়। খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভিড় করেন।
শুরুতে কেউ কেউ ডিমগুলো নষ্ট করার চেষ্টা করলেও স্থানীয় সচেতন ব্যক্তিদের উদ্যোগে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়।
চিশতিয়া খানকাহ শরিফ পরিচালনা কমিটির সভাপতি সেলিম উল্লাহ জানান, আগের রাতে একটি সাপ দেখা যাওয়ায় রেসকিউ টিমকে জানানো হয়। পরে অভিযান চালিয়ে ডিমগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয় জানান, উদ্ধার হওয়া ডিমগুলো পদ্ম গোখরা সাপের। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিমভাবে ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগবে। পরে সেগুলো লোকালয় থেকে দূরের প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

তিনি বলেন, ডিম উদ্ধারের সময় মা সাপটি সম্ভবত খাবারের খোঁজে বাইরে ছিল। সাপ পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ।

লোকজনকে সাপ বা সাপের ডিম দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর