chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রতিবন্ধী ব্যক্তিকে কমেডিয়ান রায়নার উপহাস: ৩ লাখ রুপি জরিমানা

নির্দেশ অমান্য করায় কমেডিয়ান ও ইউটিউবার সময় রায়নাসহ পাঁচজনকে ৩ লাখ রুপি করে জরিমানা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালত বলেছেন, রায়না আদালতকে বোকা বানিয়েছেন এবং নির্লজ্জভাবে নির্দেশ লঙ্ঘন করেছেন।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ জরিমানার আদেশে বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি শো-তে সহানুভূতিহীন মন্তব্য করেছিলেন রায়না। এ সংক্রান্ত মামলায় তাদের প্রতিটি শো-তে প্রতিবন্ধী ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেটি করেননি।

‘কিউর এসএমএ ইন্ডিয়া ফাউন্ডেশন’-এর দায়ের করা একটি আবেদনের শুনানি চলাকালে জরিমানার ওই আদেশ দেওয়া হয়। আবেদনটিতে রায়নার বিরুদ্ধে ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি’ রোগের ব্যয়বহুল চিকিৎসা নিয়ে সহানুভূতিহীন মন্তব্য করার অভিযোগ আনা হয়েছিল। এ ধরনের শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এমন এক ব্যক্তিকে রায়না উপহাস করেছেন বলেও অভিযোগ আছে।

আইন বিষয়ক সংবাদমাধ্যম বার অ্যান্ড বেঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট আদেশে বলেন, রায়না যে আদালতকে বোকা বানিয়েছেন তা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। আদালতের নথিতে কোনো হলফনামা নেই, অথচ হলফনামা দাখিল করা হয়েছে বলে উল্লেখ করার মাধ্যমে অসদাচরণের মাত্রা আরও বাড়ানো হয়েছে। তাঁকে জরিমানা করা ৩ লাখ রুপি আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।

উল্লেখ্য, গত বছর একটি শোতে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সহানুভূতিহীন মন্তব্যের অভিযোগ ওঠে রায়নার বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় গত নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেন- প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য গঠিত তহবিলের অর্থ সংগ্রহের জন্য রায়না ও অন্য কমেডিয়ানদেরকে প্রতি মাসে অন্তত দুটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে। একই সঙ্গে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোরও নির্দেশ দেওয়া হয়েছিল।

এইচএম/চখ

এই বিভাগের আরও খবর