‘গবেষণার সংখ্যা বাড়ালেই হবে না গবেষণা করতে হবে’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫ সালের ‘বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড’ পেয়েছেন ছয় শিক্ষক-গবেষক। গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার প্রদান অনুষ্ঠান ও গবেষণা কর্মশালা’য় তাদের নাম ঘোষণা করা হয়।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আওলাদ হোসেন সাগর, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাওসার আলম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কাজিম নূর সোহাদ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহামেদ এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, গবেষণা ও প্রকাশনা সেলের ‘বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড’ উদ্যোগ গবেষকদের অনুপ্রাণিত করছে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনাই বিশ্ব র্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করার অন্যতম ভিত্তি। এ সময় তিনি প্রয়োগমুখী (ট্রান্সলেশনাল) গবেষণার ওপর গুরুত্বারোপ করেন এবং পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শুধু গবেষণার সংখ্যা বাড়ালেই হবে না, এমন গবেষণা করতে হবে যা দেশের নীতিনির্ধারণে সহায়ক হবে এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান দেবে। তিনি গবেষণা ও প্রকাশনা সেলের এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, এই সম্মাননা গবেষকদের প্রতি বিশ্ববিদ্যালয়ের আস্থা এবং গবেষণার উৎকর্ষের স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ গবেষকদের নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনে আরও উৎসাহিত করবে।
এ সময় আরও বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আজম খান।
গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্মশালার আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, রিসার্চ সেলের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।